রূপশ্রী ডেস্ক:
১২ জুলাই, ঢাকা:
বৈশ্বিক মহামারী করোনা থাবা হেনেছে বিখ্যাত বচ্চন পরিবারে। এবার করোনার রিপোর্ট পজিটিভ এলো বচ্চনবধূ বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং কন্যা আরাধ্যা বচ্চনের।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে রবিবার দুপুরে টুইট করে সে কথা জানান। তিনি লেখেন, “ঐশ্বরিয়া এবং আরাধ্যা করোনায় আক্রান্ত। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।”

গত শনিবার মেগাস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের সকলের টেস্ট করানো হয়। জয়া বচ্চন এবং ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। কিন্তু আজকে রবিবার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া এবং অমিতাভের আট বছরের নাতনি আরাধ্যার।
তবে জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘জলসা’।
বচ্চন পরিবারের এই খবরে উদ্বিগ্ন ভক্তরা। এ দিকে অমিতাভ বচ্চনের দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তা আরও বেড়েছে অনুরাগীদের।এই মুহূর্তে অমিতাভ বচ্চন ও অভেষক দুজনেই নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভাল আছেন অভিষেক বচ্চনও।
সূত্র: আনন্দবাজার
রূপশ্রী/টিআর







