রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: আজ রবিবার (১৮ আগস্ট) থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরআগে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন ও সহিংসতায় ব্যাপক প্রাণহানির ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল।
এতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগষ্ট রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হল।







