পূর্ণাঙ্গ নম্বরেই স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা

510

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে নয় পূর্ণাঙ্গ নাম্বারই অনুষ্ঠিত হবে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত নাম্বারে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানের ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়লে জরুরী সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১২ আগস্ট) অনুষ্ঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক  উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। পরে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নাম্বারে অনুষ্ঠিত হবে মর্মে একটি বিজ্ঞপ্তি গতকাল রবিবার প্রচারিত হয়েছে।বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষার সময়সূচি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা-ও স্থগিত করা হয়েছে।