করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান

630

রূপশ্রী ডেস্ক

বৃহস্পতিবার (২১ মে), ঢাকা : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যখন চলছে লকডাউন, তার মধ্যেই থেমে নেই জীবন যাত্রা, থেমে নেই মানবিক উদ্যোগও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই করোনা মহামারি কালে বিপদগ্রস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়েছেন। গড়ে তুলেছেন ‘করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান’ নামক একটি ফেসবুক গ্রুপ। আর এই গ্রুপের পক্ষ থেকে এরমধ্যে ৩২০ জন শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৩০ টাকা।

‘করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান’ নামক ফেসবুক গ্রুপটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন একদল শিক্ষার্থী। গত ৫ এপ্রিল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন। এর সাথে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা । ছুটিতে যখন সবাই ঘরবন্দি, তখন তারা নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। সবাই শিক্ষার্থী হওয়ায় কারও পক্ষে এককভাবে বড় অংকের অর্থ প্রদান সম্ভব ছিল না। পরবর্তীতে ফেসবুক গ্রুপ খুলে তারপর নিজেদের টাইমলাইনে এবং গ্রুপে উন্মুক্ত পোস্ট দেয়া শুরু হয়। পাশাপাশি যারা সমস্যায় আছেন তাদের সমস্যা জানিয়ে ইনবক্সে লিখতে বলা হয়। এভাবে সমস্যাগ্রস্থ শিক্ষার্থীর তথ্য জেনে নিয়ে পরবর্তিতে তার পরিচয় গোপন রেখে গ্রুপে সাহায্যের আবেদন জানিয়ে ফেসবুক পোস্ট করা হয়। এর ভিত্তিতে কাঙ্খিত আর্থিক সহায়তা পাওয়া গেলেঐ পোস্ট ক্লোজ করে দেয়া হয়।

জানা যায়, ‘করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান’ নামক একটি ফেসবুক গ্রুপে ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে জড়িতরা কাজ করেছেন শুধু শিক্ষার্থী পরিচয়ে। এছাড়া এই গ্রুপের পক্ষ থেকে শুধুমাত্র বিপদগ্রস্থদের পরিচয়ই গোপন রাখার পাশাপাশি এই কার্যক্রমকে তারা ‘উপহার’ হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে এটা কোনও দান বা সাহায্য নয়, জবিয়ানদের জন্য জবিয়ানদের উপহার। তারা বিপদগ্রস্থদের সাহায্য বা সহযোগিতা জাতিয় শব্দ ব্যবহার করতেও নারাজ। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

কার্যক্রমের স্বেচ্ছাসেবক রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘দেশে যখন করোনার মতো দুর্যোগ চলছে, তখন আমরা শুধুমাত্র আমাদের দায়িত্বটুকু পালন করতে চেয়েছি যেন জগন্নাথের কোনও শিক্ষার্থী এই দুর্যোগে তাকে একা না ভাবে। আমরা সবাই যদি এগিয়ে আসি, একটু একটু করে শ্রম দিই, শুধুমাত্র সরকার বা প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজ দায়িত্বটুকুও পালন করি, কেবল তখনই করোনা মোকাবেলা সম্ভব হবে।’

এছাড়া জবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে প্রশাসন ক্যাডারে রয়েছেন, তাদের উদ্যোগেও সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষ করে খাদ্য সংকটে থাকা জবি শিক্ষার্থীরা সমস্যার কথা জানিয়ে ইনবক্সে মেসেজ করলে তাদের নাম তালিকাভুক্ত করে পাঠানো হয় প্রশাসনের ওই কর্মকর্তাদের কাছে। তারপর পৌঁছে যায় প্রয়োজনীয় সহায়তা।

রূপশ্রী/সাবিহা