সৌদিতে ঈদে কারফিউ জারি

724

রূপশ্রী ডেস্ক

বুধবার, ১৩ মে ২০২০, ঢাকা: সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের সময় কোন ঈদের জামাত ও ঈদ আনন্দ হচ্ছে না। করোনা ভাইরাস বিস্তার রোধে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। গত মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। সম্প্রতি দেশেটির স্বাস্থ্যমন্ত্রী রিয়াদে ভয়াবহ করোনার বিস্তারের আশঙ্কার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আরব নিউজ, রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল ফিতরের ছুটির পাঁচ দিন সৌদি আরবে পুরোপুরি লকডাউন বিরাজ করবে। লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করতে আগামী ২৩ থেকে ২৭ মে কারফিউ জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতিত অন্যান্য অঞ্চেল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে। এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনা ভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি।

তবে ছুটি শুরু হওয়ার আগে পুরো রমজান মাসে দেশটিতে দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আগের সিদ্ধান্ত এখনও বহাল আছে।

উল্লেখ্য, গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ৪২ হাজার ৯২৫, সুস্থ হয়েছে ১৫ হাজার ২৬৭, আর মারা গেছে ২৬৪ জন।

রূপশ্রী/এইচ