করোনাকালে অনলাইনে বাড়ছে নারীদের যৌন হয়রানি

847

রূপশ্রী ডেস্ক

১১ জানুয়ারি, ঢাকাঃ

করোনাকালে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নারীদের হয়রানি ও যৌন হয়রানির ঘটনা বহুলাংশে বেড়ে গিয়েছে ৷ সম্প্রতি জাতিসংঘের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ৷

থমসন রয়টার্স ফাউন্ডেশনে সম্প্রতি এ সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ সেখানে অনলাইনে হয়রানির যেসব ঘটনা উঠে এসেছে তা ভয়াবহ ৷

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের মুম্বাই’এর এক তরুণী জানিয়েছেন, তার প্রেমিক তার নগ্ন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ৷ তরুণী এ প্রসঙ্গে জানতে চাইলে প্রেমিক জানায়, এই ছবি দেখে সব পুরুষরা মেয়েটিকে কামনা করবে কিন্তু পাবে না ৷ কারণ তরুণী কেবল প্রেমিকের ৷ এই কথায় প্রথমে মেয়েটি আশ্বস্ত হলেও পরে তার উপলব্ধি হয় তাকে ছেলেটি যৌনকর্মীর পর্যায়ে নামিয়েছে ৷

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে অনেক দেশেই লকডাউন আর কড়াকড়ি বাড়ানো হয়৷ বেশিরভাগ মানুষ ঘরে বসে কাজ করা শুরু করেন বা সময় কাটাতে শুরু করেন ৷ আর সময় কাটানোর প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায় মোবাইল আর ল্যাপটপ ৷

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক আজমিনা ধ্রোডিয়া জানিয়েছেন, নারীদের প্রতি ডিজিটাল হয়রানির ঘটনা অনেক বেড়েছে এ সময় ৷ করোনার আগের তুলনায় অনলাইনে নারীদের হয়রানির ঘটনা করোনাকালে দ্বিগুণ হয়েছে বলে জানান তিনি ৷

কোন নারীর অনুমতি ছাড়া ছবি, ভিডিও এবং ব্যক্তিগত তথ্য শেয়ারের ঘটনা অনেক বেড়েছে লকডাউনে ৷

একটি নারী অধিকার সংস্থা জানায়, সব বয়সি নারীরাই এ ধরনের হয়রানির শিকার হয়েছেন, বাদ যায়নি ৮ বছরের মেয়েও ৷ প্রতি পাঁচজন নারীর একজন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন বা ব্যবহার কমিয়ে দিয়েছেন৷ সংস্থাটির চালানো এক জরিপে এক চতুর্থাংশ নারী জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ ইউএন উইমেন জানিয়েছে, করোনা সংক্রমণের পর নারীর প্রতি সহিংসতার ঘটনা অনেক বেড়েছে ৷ বিশেষ করে পারিবারিক সহিংসতার ঘটনা এত বেড়েছে যে আগের তুলনায় সাহায্য চেয়ে পাঁচ গুণ বেশি ফোন এসেছে তাদের কাছে৷ শুধু তাই না, সাবেক প্রেমিক এবং হ্যাকাররা নারীদের অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিচ্ছে অনলাইনে ৷

নিউ ইয়র্কের আইনজীবী অখিলা কোলিশেঠি জানিয়েছেন, হোম অফিস করার  ফলে এ ধরনের হয়রানির ঘটনা অনেক বেড়েছে ৷ এমনকি কয়েকজন নারী জানিয়েছেন, তারা তাদের প্রেমিক বা স্বামীকে যদি পাসওয়ার্ড না জানান তবে তারা ধরে নেয় নারীটির সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে ৷

নারী যৌন হয়রানির বিরুদ্ধে যারা প্রচার চালান, তারা জানাচ্ছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে লাভ হয় না৷ আর এ কারণেই এসব ঘটনা বেড়ে চলেছে ৷

ভারত, ক্যানাডা, ইংল্যান্ড, পাকিস্তান আর জার্মানিতে কেউ ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায় ৷ কিন্তু প্রযুক্তির অগ্রগতির কারণে এই আইন এখন আর যথেষ্ট নয় ৷

গত বছরের নভেম্বরে বাংলাদেশ পুলিশ ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবার উদ্বোধন করে ৷ এই সেবায় কাজ করা সব পুলিশ নারী ৷ এর ফলে নারীরা তাদের অভিযোগ সহজেই জানাতে পারছেন তাদের কাছে ৷ অনলাইনে যৌন হয়রানির ঘটনায় প্রতিদিন নারীদের হাজারো কল পাচ্ছেন তারা ৷

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটক থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছে, তারা নারীদের হয়রানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ৷ করোনাকালে অফিস মিটিং-এর জন্য জুম ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে ৷ এসব ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেছেন, আমন্ত্রণ ছাড়া অপরিচিত অনেকেই এসব মিটিং এ ঢুকে পড়ছেন ৷

টুইটার ব্যবহারকারী দুই তৃতীয়াংশ নারী জানিয়েছেন তারা অপরিচিত ব্যক্তিদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন ৷

জার্মান ইন্টারনেট ইনস্টিটিউটের ফেলো কারোলিনে সিনডার্স বলেন, ‘‘যা ঘটছে তা আসলেই ভয়াবহ ৷ এমন সংকটময় পরিস্থিতিতে এ ধরনের ঘটনাগুলোর প্রতি আরও গুরুত্ব ও মনোযোগ দেয়া উচিত ৷” তবে এজন্য তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের আরো সচেতন হতে বলেছেন ৷ বলেছেন, যাতে ঘটনার সাথে সাথে তারা পুলিশের কাছে এবং ওই মাধ্যমে রিপোর্ট করে ৷ তবে করোনাকাল দীর্ঘায়িত হওয়ায় এই সংকট মোকাবেলা সব দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷

সূত্রঃ এপিবি/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

রূপশ্রী/টি আর