পুরুষদের টেস্টে প্রথম নারী আম্পায়ার ক্লাইরি

931

রূপশ্রী ডেস্ক

ঢাকাঃ

ক্রিকেট ইতিহাসে পুরুষদের টেস্টে প্রথম নারী আম্পায়ার হলেন ক্লাইরি পোলোসাক। এর আগে তিনি প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসেও যুক্ত যাচ্ছে এই অস্ট্রেলিয়ানের নাম। অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্তে ছিলেন তিনি।

পুরুষদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম আম্পায়ার হিসেবে যুক্ত হয়েছেন কোনও নারী। সিডনির ‘পিংক টেস্টে’ ফিল্ড আম্পায়ার হিসেবে পল রাইফেল ও পল উইলসন, টিভি আম্পায়ারের দায়িত্বে ব্রুস অক্সেনফোল্ড, আর চতুর্থ আম্পায়ার হিসেবে ছিলেন পোলোসাক।

গত বছরের এপ্রিলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হয়েছিল নামিবিয়া-ওমান। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ফিল্ড আম্পায়ার ছিলেন পোলোসাক।

প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় আগেই আম্পায়ারের দায়িত্ব সামলেছেন ৩২ বছর বয়সী পোলোসাক। ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে পুরুষদের আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও আম্পায়ারিংয়ের স্বাদ নেওয়া হয়েছে তার। এবার অস্ট্রেলিয়া-ভারতের উত্তেজনাকর টেস্টের উত্তাপ নিতে যাচ্ছেন আম্পায়ারের ভূমিকায়।

গত বছর পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনার আগে পোলোসাক তার অনুভূতি ভাগাভাগি করেছিলেন এভাবে, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’

টেস্টে আইসিসির নিয়ম অনুযায়ী, রিজার্ভ আম্পায়ার নিয়োগ করে থাকে সিরিজ আয়োজককারী ক্রিকেট বোর্ড। সিরিজ এবার অস্ট্রেলিয়ায় হওয়ায় পোলোসাককে সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

রূপশ্রী/এম এস