রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত

333

রূপশ্রী, আন্তর্জাতিক ডেস্ক (২২ মে ২০২৪):
দুর্ভাগ্যজনকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে
ইসলামী প্রজাতন্ত্র ইরানে সব ধরনর বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে।
বুধবার (২২ মে) ইরানি সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে। দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে কনসার্টও। এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে।


গত রোববার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ইরান পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
আজ ইরানের রাজধানী তেহরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হন, তাদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় লক্ষ লক্ষ জনতা অংশগ্রহণ করেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। অধিকাংশ নারী ও পুরুষের পরনে ছিল কালো পোশাক।
জানাজার নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, লাঠিতে ভর বৃদ্ধ খামেনি মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন।

পরে তাদের কফিন শোক শোভাযাত্রা করে আজাদ স্কয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে আইআরজিসি ও সামারিক বাহিনীর সদস্যরা তাদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
আগামীকাল মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে ইমাম রেজা (আ.) মাজার কমপ্লেক্সে মরহুমকে দাফন করা হবে।