রূপশ্রী প্রতিবেদক
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৪: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নব নির্বাচিত সদস্যরা এমপি হিসাবে শপথ নিয়েছেন আজ। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন এমপি। পরের ধাপে শপথ নেন জাতীয় পার্টির দুজন এমপি।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।
সংসদে জোট শরিক ও ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেয়। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দেয় ২টি আসনে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।







