সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ৩ দিন চলতে পারবেনা মোটরসাইকেল

337

রূপশ্রী প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৩, ঢাকা: আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একযোগে ৩০০ আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাহি সেনাবাহিনীর সদস্যরাও প্রতিটি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। বাড়তি সতর্কতা হিসেবে আগামী ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত তিন দিন প্রতিটি নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নির্বাচনী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এসব নির্দেশ প্রযোজ্য হবে না।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সংক্রান্ত
পরিপত্রে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ ছাড়া ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এতে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এসব নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক, পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের দেওয়া স্টিকার ব্যবহার করতে হবে। এছাড়া
পরিপত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনারকে স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা প্রদান করা হয়েছে। একইভাবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রয়োজনে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করতে পারবে।