মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম, বীর প্রতীক

438

রূপশ্রী প্রতিবেদক, ঢাকা: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১৭তম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক। পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি, তিন বাহিনীর প্রধানগণ, সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ সম্পন্ন হল।


পরে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান করেন।তিনি মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রাষ্ট্রপতি গত ৮ আগস্ট বৃহস্পতিবার পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। একইদিন রাত সোয়া ৯টায় শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে অপর ১৩ জন উপদেষ্টা শপথ নেন। শুক্রবার উপদেষ্টাদের মধ্য দায়িত্ব বণ্টন করে দেন প্রধান উপদেষ্টা। শনিবার নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন উপদেষ্টাবৃন্দ।
প্রথম ধাপে ঢাকার বাইরে থাকায় অন্য তিন জন উপদেষ্টা শপথ নিতে পারেন নি। গত রবিবার (১১ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। মার্কিনযুক্ত রাষ্ট্র থেকে দেশে ফিরে আজ শপথ নিলেন ফারুক-ই-আজম, বীর প্রতীক।