সোমবার থেকে সীমিত বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

558

রূপশ্রী প্রতিবেদন, রবিবার (২৬ জুন), ঢাকা: দেশে করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশব্যাপী শাট ডাউনের চিন্তাভাবনা থেকে সরে এসেছে সরকার।তবে সোমবার (২৮ জুন) থেকে সীমিত লক ডাউন অব্যাহত রেখে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী সাত দিনের সর্বাত্মক লকডাউেনর ঘোষণা দিয়েছে সরকার।
রবিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ৩০ জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরআগে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল।
এ বিষয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গণমাধ্যমকে জানান, বিধিনিষেধ শুরু হবে সোমবার থেকেই কিন্তু চূড়ান্ত লকডাউন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সাতদিন বলবত থাকবে।এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। আর সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই থেকে। তবে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। শুক্রবার (২৫ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী এক সপ্তাহের জন্য আমরা কঠোর বিধিনিষেধ দেবো। প্রয়োজন হলে আমরা সেটি আরও বাড়াবো। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
#
এনএফ/আরএইচ