সর্বাত্মক লকডাউনেও ব্যাংক খোলা থাকবে

633

রূপশ্রী প্রতিবেদন, রবিবার (২৬ জুন), ঢাকা: আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে কঠোর এই সময়েও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। খোলা থাকতে পারে গার্মেন্টস কারখানাও।
রবিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে এসময় রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।কারণ শিল্প কল-কারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিগত দিনের অভিজ্ঞতার আলোকে বলছেন, অতি সীমিত আকারে হলেও ব্যাংক খোলা থাকবে। তারা বলেন, ব্যাংক বন্ধ হওয়ার কোনও রেওয়াজ নেই। তবে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর বাংলাদেশ ব্যাংক সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির আগে কোনও সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।
এরআগে ঘোষণা করা হয়েছে, এবারের লকডাউন চলাকালে জরুরি সেবা ব্যতীত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না।
#
জেআর/আরএইচ