রূপশ্রী প্রতিবেদন
দিয়া ফারহাত, ঢাকা :
দেশে প্রথমবারের মত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রতিষ্ঠিত হচ্ছে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয় নিশ্চিত করেন।
‘ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড(ডিএনএ) আইন, ২০১৪’ এর ধারা ২০-এর উপধারা ১-এ প্রদত্ত ক্ষমতা বলে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর’ গঠিত হয়েছে। এই অধিদপ্তর উক্ত আইনের অধীন ডিএনএ ল্যাবরেটরি, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও পরিবীক্ষণসহ বিধি দিয়ে নির্ধারিত অন্যান্য কাজ করবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘উত্তরণ’ নামক অনলাইন প্ল্যাটফরমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের জানান,“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের আওতায় দেশে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠার কাজ চলমান আছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার, জয় মোবাইল অ্যাপস ও ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিষ্ঠা করা হয়েছে। রোহিঙ্গা নারী ও শিশুদের মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের জন্য কক্সবাজারের উখিয়ায় ১১টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে।’’
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানোর পাশাপশি সেবা কার্যক্রম জোরদার করা। এই প্রকল্পের আওতায় ১৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৪৭টি জেলা সদর হাসপাতাল, ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান-স্টপ ক্রাইসিস সেল এবং ঢাকায় ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
গত মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ফরিদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন।
উল্লেখ্য, কোনো ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ ও এর বিশ্লেষণ প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ, ডিএনএ নমুনা ও প্রোফাইলের ব্যবহার নিয়ন্ত্রণ, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে ২০১৪ সালে সরকার ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড(ডিএনএ) আইন প্রণয়ন করে।
রূপশ্রী/টি আর







