মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ

768

রূপশ্রী প্রতিবেদনঃ

করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা খাত হয়ে আছে স্থবির। এই পরিস্থিতিতে এবছর কেন্দ্রীয়ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। এর পরিবর্তে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণিতে উত্তীর্ণের আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গত বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সম্পর্কিত আদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত মঙ্গলবার জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা বোর্ড বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠায়, যাতে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার  করোনাকালীন সময়ে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। সর্বশেষ এই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রূপশ্রী/টি আর/এম এস