রূপশ্রী প্রতিবেদন
২৬ জুলাই, ঢাকাঃ
দেশে করোনাকালীন সময়ে নারী ও শিশুদের প্রতি নির্যাতন প্রতিরোধে ১০৯ টোল ফ্রি হেল্পলাইন চালু রয়েছে। প্রতিদিন যে কোন সময় ফোন অথবা এস এম এস করে জানাতে পারবেন নিজের অভিযোগটি। পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতনরোধে সহায়তার জন্য স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বর এর সাথে ১০৯ কে লিঙ্ক করে টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে।
এই সময়ে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য টেলিফোনে লিগ্যাল সেবা প্রদান অব্যাহত রেখেছেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তারা। এছাড়া ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের চিকিৎসক ও মনোবিজ্ঞানীরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টেলিকাউন্সেলিং প্রদান করছেন। এসব হেল্পলাইনে গত এপ্রিল হতে জুন পর্যন্ত ৩ মাসে করোনা ভাইরাস সম্পর্কিত ১ লাখ ৭০ হাজার ৯৯২ টি কল গ্রহণ করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশুদের মনো সমাজিক সমস্যা দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ, নারী উদ্যোক্তা সৃষ্টি অব্যাহত রাখা, প্রশিক্ষণগুলো প্রয়োগিক করা, বাল্য বিবাহ রোধ, পথ শিশুদের সহযোগিতা বৃদ্ধিকরা, অপ্রত্যাশিত গর্ভধারণরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্ব্বোচ্চ প্রয়োগের মাধ্যমে শতভাগ কাজ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, করোনাকালে কর্মহীন মহিলাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পন্থা উদ্ভাবন, চলমান প্রকল্পগুলো যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রেখে ভার্চুয়াল প্রযুক্তির যথাযথ প্রয়োগ করা হচ্ছে। করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রণালয় থেকে সহায়তা হিসাবে “নির্যাতিত, দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল” থেকে বিভিন্ন উপজেলায় ১৩৫৯ জন মহিলা ও শিশুকে ৫৫ লাখ ৬৬ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। গর্ভবতী নারীদের অফিসে না আসা নিশ্চিতকরা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য মো: আব্দুল আজিজ এবং বেগম শবনম জাহান বৈঠকে অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওনক আক্তার ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রূপশ্রী/এমএস







