সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

প্রধানমন্ত্রীর অনুমতির পরে প্রজ্ঞাপন জারি

787

রূপশ্রী প্রতিবেদন,

৩ এপ্রিল, ঢাকাঃ

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আজ এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের অনুমতি প্রার্থনার ফাইল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র আশা করছে শনিবার (৩ এপ্রিল) রাতেই বৈঠকের সামারিসহ ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পৌছনো হবে। মন্ত্রিপরিষদ বিভাগে এখন চলছে ফাইল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (৩ এপ্রিল) সকালে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, করোনা ঠেকাতে সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই বিকালে জরুরি বৈঠক ডাকেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সকল মন্ত্রণালয়, ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও লকডাউন বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংস্থা ও দফতরের উচ্চপদস্থ কর্মারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে লকডাউন বাস্তবায়নের কৌশল। এছাড়া শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা হলে সেখানে শ্রমিকরা কিভাবে কারখানায় আসবে এবং কিভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা শেষ করে তার জন্য কৌশলও চূড়ান্ত হয়েছে।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (৩ এপ্রিল) অনলাইন ভিডিও বার্তায় বলেন, ‘লকডাউন চলাকালে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প করকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্য বিধি মেনে এবং বিভিন্ন শিফটিং মাধ্যমে তারা কাজ করতে পারে।’

এদিকে, লকডাউনের মধ্যে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংকখাত কীভাবে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল রবিবার।

গণমাধ্যমকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রবিবার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। কীভাবে ব্যাংক চলবে সে নির্দেশনা আসবে কাল।’

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, `সোমবার থেকে সারাদেশে লকডাউন দেওয়ায় যাত্রীবাহী ট্রেন সেবাও স্থগিত থাকবে। তবে মালবাহী ট্রেনের চলাচল অব্যাহত থাকবে।’

গত ২৯ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

রূপশ্রী /টি আর