রূপশ্রী প্রতিবেদন
২ এপ্রিল, ঢাকা:
একাদশ জাতীয় সংসদের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীসহ সাবেক প্রধানমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম), সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমান উল্লাহ, সাবেক গণপরিষদ ও সংসদ-সদস্য তোয়াবুর রহিম, সাবেক সংসদ-সদস্য আঃ মজিদ মন্ডল, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ ও দেশের বিশিষ্ট ব্যাক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে।
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার এ শোক প্রস্তাব উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশনেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, মোহাম্মদ ফারুক খান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নুরুল ইসলাম নাহিদ, নেসার আহমেদ, এনামুল হক শামীম, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, পীর ফজলুর রহমান ও বিএনপির হারুনুর রশীদ।
দেশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যাদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়, তাদের মধ্যে রয়েছেন, দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য পারভীন হক সিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার, ভাষাসৈনিক আলী তাহের মজুমদার, দেশের খ্যাতিমান কলামিস্ট, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহীন রেজা নুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাই, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ-সদস্য মুহিবুর রহমান মানিকের মা জাহান আরা চৌধুরী, দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর সহধর্মিণী ও তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগম, বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার এটিএম শামসুজ্জামান, বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু এবং মার্কিন মিশনারি ও নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতো।
এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন, অফিস সহায়ক মো. রূহুল আমিন এবং দৈনিকভিত্তিক বাৎসরিক অফিস সহায়ক মো. মিজানুর রহমানসহ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়। একইসঙ্গে রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন পীরগঞ্জবাসী, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে।
সংসদে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সবার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
রূপশ্রী/সংসদ/আরআইচ







