ভিসা ও মাস্টারকার্ড থেকে সরাসরি ‘নগদ’-এ লেনদেন

608

রূপশ্রী প্রতিবেদনঃ

এখন থেকে নগদ গ্রাহকেরা যেকোনো ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড থেকে সরাসরি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ হিসাবে টাকা লেনদেন করতে পারবেন। তাই নিজেদের ‘নগদ’ হিসাবের টাকা জমার জন্য এখন এসব কার্ডধারীদের আর এজেন্টের কাছে যেতে হবে না। ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড যে কোন ধরনের কার্ড থেকে এখন ‘নগদ’ হিসাবে টাকা লেনদেন করা যাবে।
গতকাল শুক্রবার এক ওয়েবিনারের মাধ্যমে নতুন এই সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মেজবাউল হক, ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা কার্ডের বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) সৌম্য বসু অংশ নেন। ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র সবাইকে ধন্যবাদ জানান।
এসময় জানানো হয়, ‘নগদ’ হিসাবে টাকা আনতে প্রথমে অ্যাপের অ্যাড মানি অপশনে গিয়ে ‘কার্ড টু নগদ’ ক্লিক করতে হবে। তারপর মাস্টারকার্ড বা ভিসা অপশন ঠিক করে গ্রাহকের নিজের বা অন্যের ১১ ডিজিটের ‘নগদ’ হিসাব (মোবাইল) নম্বরটি দেওয়ার পর কার্ডের অন্য তথ্য সংযুক্ত করতে হবে। এরপর টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ‘নগদ’ পিন নম্বর দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর ফলে তাৎক্ষণিকভাবে গ্রাহকের ‘নগদ’ হিসাবে সহজ ও নিরাপদে টাকা চলে আসবে। পরবর্তী সময়ে একইভাবে কার্ড থেকে টাকা আনার সুবিধা নিতে গ্রাহক এক বা একাধিক ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ‘নগদ’ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

 


এ কার্যক্রমের উদ্বোধন করে মোস্তাফা জব্বার বলেন, গত ১৫ মাসের যাত্রায় ‘নগদ’ নানা দিক দিয়ে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ক্ষেত্রে প্রযুক্তিই বড় ভূমিকা রেখেছে। ভিসা ও মাস্টারকার্ড ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হওয়ায় তাদের সেবার মান আরও বাড়বে।
মো. জাকির হোসেন বলেন, নতুন এ সেবা চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নযাত্রা, সেটি সার্থকতা পাবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক গ্রাহকের নিরাপত্তা এবং সব ধরনের আইন ও নীতি মেনে যেকোনো উদ্ভাবন এবং ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানাবে। এখন দুটি কার্ড ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হলো, আশা করি সামনের দিনে অন্যরাও যুক্ত হবে।
‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, যে কাজটি করতে অন্যদের আট থেকে নয় বছর লেগেছিল, সেটি ‘নগদ’ সম্ভব করেছে মাত্র এক বছর চার মাসের মাথায়। এটি সম্ভব হয়েছে মানুষের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে। আমাদের এই কাজের ফলে দেশের মানুষ উপকৃত হবে।
দেশের প্রায় এক কোটি লোক এখন ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেন। ‘নগদ’-এর নতুন সেবার মাধ্যমে এসব কার্ড ব্যবহারকারীরা নিজেরা যেমন সুবিধা পাবেন, তেমনি ‘নগদ’-এর অন্য গ্রাহকের হিসাবেও টাকা স্থানান্তর করা যাবে।
#
রূপশ্রী/এইচআর