৫০ টাকা কেজি দরে টিসিবির চিনি-ডাল

918

রূপশ্রী প্রতিবদেন

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশজুড়ে আবার বিপণন শুরু করেছে। বাজারদরের চেয়ে বেশ কম দামে টিসিবি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে। তারা প্রতি কেজি মসুর ডাল বিক্রি করেছে ৫০ টাকা, যা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা। প্রতি কেজি চিনি বিক্রি করছে ৫০ টাকা দরে, বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। টিসিবির নিয়ম অনুযায়ী একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ লিটার সয়াবিন তেল ও এক কেজি মসুর ডাল কিনতে পারছেন।

গত রবিবার থেকে টিসিবি তাদের এই বিপণন কার্যক্রম শুরু করেছে। রাজধানীতে এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। ভীড়ের কারণে করোনাকালীন সামাজিক দুরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে না।

টিসিবি যে তিনটি পণ্য বিক্রি করছে এরমধ্যে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮০ টাকা দরে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি দর ৯০ থেকে ১০০ টাকা। ব্র্যান্ডের মধ্যে রয়েছে সেনা, বসুন্ধরা, পুষ্টি, তীর ও ভিওলা। এছাড়া টিসিবি যে চিনি বিক্রি করছে, তা তীর ব্র্যান্ডের। টিসিবি বিক্রি করছে প্রতি কেজি চিনি ৫০ টাকা দরে, যা বাজারে ৬৯ টাকা কেজি।

টিসিবির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ২৬৪টি স্থানে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ট্রাক থাকছে ৪০টির মতো। এ ছাড়া চট্টগ্রাম মহানগরে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট মহানগরে ৫টি করে ট্রাক এই বিপণন কার্যক্রমে যুক্ত রয়েছে। এ ছাড়া জেলা শহরগুলোতেও পাওয়া যাচ্ছে টিসিবির পণ্য। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন এসব পণ্য বিক্রি হবে। একেকজন পরিবেশক দৈনিক ৬০০ থেকে ৭৫০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল এবং ১ হাজার থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল পাবেন।

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়া আগে ২৮ জুলাই পর্যন্ত টিসিবির এই বিক্রয় কার্যক্রম চলবে।

#

রূপ্রশ্রী/এইচআর