রূপশ্রী প্রতিবেদন,
৭ মার্চ, ঢাকা:
যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ দেশের নির্বাচিত নেতা হিসেবে রমনার বিশাল জনসমুদ্রে যে ঐতিহাসিক ভাষণ দেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তির সংগ্রামে সেটাই ছিল ইতিহাস পরিবর্তনের মাইল ফলক। এ ভাষণ আজ শুধু স্বাধীনতার রাজনৈতিক দলিলই নয়, জাতিয় সাংস্কৃতিক পরিচিতিও। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তাই এ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে। রাতে বিভিন্ন গুরুত্ব পূর্ণস্থাপনা ও মহাসড়কে আলোকসজ্জা করা হয়েছে।
আজ রবিবার সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

৫০ বছর ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা।’
১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রফিকুর রহমান
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
রূপশ্রী/দেশ/এইচবি







