রূপশ্রী প্রতিবেদন,
৭ মার্চ, ঢাকা:
কবি মহাদেব সাহা, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমানসহ ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছেন ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
আজ রবিবার (৭ মার্চ) ২০২১ সালের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা `স্বাধীনতা পুরস্কার’ এর জন্য মনোনয়ন পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবার স্বাধীনতা পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন, মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ আহসানউল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি), কবি মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি), গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) ও অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা)।
এছাড়া প্রতিষ্ঠান হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ এর জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
রূপশ্রী/দেশ/এইচবি







