দেশে ৪ লাখ মেট্রিক টন সুতার ঘাটতি

324

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নিজেই স্বীকার করে নিয়েছেন তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে নিট সুতার চাহিদার তুলনায় দেশে ৪ লাখ মেট্রিক টন সুতার ঘাটতি রয়েছে।
সোমবার (১০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মো. জাকারিয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।


বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, তৈরি পোশাক রফতনির ক্ষেত্রে ওভেন ও ডেনিম বস্ত্রের চাহিদা প্রায় ৮ বিলিয়ন মিটার। তার মধ্যে ৪ বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং ৪ বিলিয়ন মিটার আমদানি করা হয়। তবে তৈরি পোশাক রফতনির ক্ষেত্রে নিট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে ১২ লাখ মেট্রিক টন সুতা দেশে উৎপাদিত হয় এবং প্রায় ৪ লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে যা আমদানি করা হয়।
মন্ত্রী আরো জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতর পোশাক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্র শিল্পের নিবন্ধন দিচ্ছে। পোশাক কর্তৃপক্ষ সেবা সহজীকরণের ফলে শিল্প উদ্যোক্তারা দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রফতানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমানে দেশের স্থানীয় বাজারে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ৭ বিলিয়ন মিটার। দেশের স্থানীয় বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই।