রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: গত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমিয়ে সংসদে সংশোধিত বা সম্পূরক ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। এরমধ্যে চলতি অর্থবছরে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়কৃত অতিরিক্ত ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা সম্পূরক বা সংশোধিত বরাদ্দ হিসাবে বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে
এ সম্পূরক বাজেট পাস হয়। এরআগে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪’ সংসদে তোলেন। পরে বিলটির ওপর আনীত সংশোধনী ও ছাটাই প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোন সংশোধনী ও ছাটাই প্রস্তাবগুলো নাকচ করে কণ্ঠভোটে সম্পূরক বিলটি পাস হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরি করা অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়।
চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭ হাজার ৮১৭ কোটি টাকা। ৪০টির বাজেট অপরিবর্তিত রয়েছে বা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ ১২ হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সম্পূরক বাজেটে ২০টি দাবির বিপরীতে ৬৬টি ছাঁটাই প্রস্তাব দেন চারজন সংসদ সদস্য। এর মধ্যে দুটি মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা হয়। সেগুলো হলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর আগে সম্পূরক বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন।







