রূপশ্রী প্রতিবেদন
৪ জুলাই, ঢাকা: বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ ব্যাংক। জুন মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.০১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। করোনাকালে চলতি ২০১৯-২০২০ অর্থবছর শেষ হয়েছে এই রেকর্ড গড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার জন্য সরকার ঘোষিত ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীদের যথেষ্ট অনুপ্রাণিত করেছে বলে মনে করছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু জুন মাসে দেশে ১.৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা একক মাস হিসেবে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।
গত বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.৭১৬ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এর নেপথ্যে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতি সহায়তাও যথেষ্ঠ সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা। ফলশ্রুতিতে প্রবাসীরা অতীতে ব্যাংকিং চ্যানেলে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে। ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রা ধারণের লিমিট পর্যন্ত রেখে অতিরিক্ত অর্থ বাংলাদেশ ব্যাংকের নিকট বিক্রি করে। এভাবেই রিজার্ভের স্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।
গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ হয়েছে ১৮.২০৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১৬.৪২০ বিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্সের পাশাপাশি রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
#
রূপশ্রী/টিএস







