সুরায়া মুন
৫ জুলাই, ঢাকা: সবার জন্য নিজের দরজা খুলে দিয়েছে বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো পাঁচতারকা হোটেল ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। এই হোটেলের অভিজাত কোনো অতিথি যদি কফি খেতে চান, তাকে কফি পরিবেশন করা হবে সোনার কাপে। রাজকীয় এই হোটেলে খাবারের প্লেট, চামচসহ সোনার পাত্রেই পরিবেশন করা হয় সব খাবার। শুধু তাই নয়, এই রাজকীয় হোটেলের যাবতীয় আসবাবপত্রই সোনায় মোড়া।
সোনায় মোড়ানো বাথটাবসহ বাথরূমের অভ্যন্তরটি এমন।
হোটেলের লবি থেকে শুরু করে ইনফিনিটি পুল, লিভিংরুম এমনকি বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই মোড়ানো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হোটেলের টয়লেট সিটও সোনার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা।
হোটেলটি দেখতে যেমন।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মিত হয়েছে এই হোটেলটি। এক যুগ আগে এই হোটেলের নির্মাণ কাজ শুরু হলেও এখনো সম্পূর্ণ হয়নি পুরো কাজ। বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত এই হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।২৫ তলা বিশিষ্ট এ হোটেলটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে। কর্তৃপক্ষ আশা করছেন চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হয়ে যাবে বিশ্বের তাক লাগানো এই হোটেল। হোটেলটির ভেতরে এবং বাইরে ৫০০০ বর্গমিটারের সিরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই।
এই রাজকীয় বিলাসী হোটেলটিতে অতিথিদের জন্য রয়েছে ৪০০টি রুম। এই হোটেলটি পরিচালনা করবে আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ।
সূত্র: দ্য সান
রূপশ্রী/এইচআর







