দশদিন পর চালু হলো ডাটাভিত্তিক ইন্টারনেট সেবা

331

দশদিন পর চালু হলো ডাটাভিত্তিক ইন্টারনেট সেবা
রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
দশদিন পর অবশেষে চালু হয়েছে মোবাইল ফোনের ডাটাভিত্তিক ইন্টারনেট সেবা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে বন্ধ হয়ে যায় সব মোবাইল সিম অপারেটর কোম্পানির (বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণফোন) ডাটাভিত্তিক ইন্টারনেট সেবা। ডিজিটাল বাংলাদেশ রাতারাতি ফিরে যায় এনালগ যুগে। হঠাৎ জীবন হয়ে পরে স্থবির। বন্ধ হয়ে যায় সব সামাজিক যোগাযোগ ও অনেকের বিনোদন উপভোগের আনন্দ। এই দম বন্ধ অবস্থা কাটাতে অনেকের সময় কাটে লুডু খেলে, বই পরে বা আড্ডা দিয়ে।
একটানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টার পর সব মোবাইল অপারেটর কোম্পানির সিমগুলোতে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়েছে। এতে মোবাইল অ্যাপভিত্তিক অর্থনৈতিক পরিষেবা বিকাশ, নগদ, পকেটসহ অন্যান্য আর্থিক কার্যক্রম আবার ফিরে এলো জনগণের হাতের মুঠোয়।
ব্যবহারকারীরা জানান, সব সিম থেকেই এখন ডাটা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে। তবে বন্ধ রয়েছে ফেসবুক, টিকটক। এছাড়া ধীরগতির অভিযোগ তুলেছেন অনেকে।
এর আগে রবিবার সকাল ৯টায় মোবাইল ডাটা চালুর ঘোষণা দেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, গত ১৮ জুলাই থেকে বন্ধ থাকা মোবাইল ৪জি নেটওয়ার্ক বিকেল ৩টার পর থেকে চালু করে দেওয়া হবে। একই সঙ্গে এই সময়ে যে গ্রাহকেরা মোবাইলে ইন্টারনেটে যুক্ত হবেন তারা তিন দিনের জন্য ৫জিবি বোনাস ডেটা পাবেন।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই হঠাৎ মোবাইল ইন্টারনেটের ধীরগতিতে ভুগতে থাকে গ্রাহকরা। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে ১৭ জুলাই (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিম ডাটাভিত্তিক থ্রি-জি ও ফোর-জি পরিসেবা।