টু ফিঙ্গার টেস্ট বন্ধের রায় দিল পাকিস্তানের আদালত

785

রূপশ্রী ডেস্ক

১১ জানুয়ারি, ঢাকাঃ

ভার্জিনিটি পরীক্ষায় টু ফিঙ্গার টেস্টের বিরুদ্ধে রায় দিয়েছে পাকিস্তানের একটি আদালত। এই প্রথম পাকিস্তানের কোনো আদালত এমন যুগান্তকারী রায় দিল। এই রায় নারী অধিকার আন্দোলনের জয়। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এক আদালত ভার্জিনিটি টেস্ট বন্ধের এই রায় দিয়েছে।

সম্প্রতি পাকিস্তানে ধর্ষণ আইনে বিপুল পরিবর্তন আনা হয়েছে। ধর্ষকদের কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ভার্জিনিট টেস্ট বা টু ফিঙ্গার টেস্ট নিয়ে এত দিন পর্যন্ত কেউ কোনো কথা বলেননি।

বস্তুত, টু ফিঙ্গার টেস্ট এক বহু পুরনো প্রচলিত পরীক্ষা। যেখানে মেডিক্যাল অফিসার ধর্ষণের পর নারীর যৌনাঙ্গে দুইটি আঙুল ঢুকিয়ে ভার্জিনিটির পরীক্ষা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু দিন আগেই জানিয়েছে, এই পরীক্ষার কোনো অর্থ নেই। এই পরীক্ষা থেকে ধর্ষণ সম্পর্কে বিশেষ কিছু জানাও যায় না। বরং এই টেস্টের মাধ্যমে নারীকে অপমান করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু দিন আগে এ কথা বললেও পাকিস্তানে টু ফিঙ্গার টেস্টের প্রচলন ছিল। বেশ কিছু মানবাধিকার সংগঠন দীর্ঘ দিন ধরে এর বিরুদ্ধে প্রশ্ন করছিল। তারই প্রেক্ষিতে লাহোরের কাছে পাঞ্জাব প্রভিন্সে একটি আদালতে মামলা করা হয়েছিল। সেই মামলার রায়ে আদালত টু ফিঙ্গার টেস্ট বন্ধের পক্ষে রায় দিয়েছে।

পাকিস্তানে ধর্ষিত নারীদের বহু সমস্যার সম্মুখিন হতে হয়। রক্ষণশীল সমাজ ধর্ষিতা নারীদের নানা ভাবে অপমান করে। প্রকাশ্যে ধর্ষিতা নারীদের ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তোলা হয়। বস্তুত সে কারণেই এতদিন পর্যন্ত টু ফিঙ্গার টেস্টের প্রচলন ছিল বলে মানবাধিকার কর্মীদের বক্তব্য। আদালতের রায় সমাজকে এক নতুন পথ দেখাবে বলে তাঁদের আশা।

মানবাধিকার কর্মীদের আশা দ্রুত গোটা দেশেই এই আইন বলবৎ হবে।

সূত্রঃ এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)

রূপশ্রী/এম এস