চালু হচ্ছে শেয়ারবাজার ও ব্যাংকিং কার্যক্রম

697

রূপশ্রী ডেস্ক

শনিবার (৩০ মে) ঢাকা: করোনাভাইরাসের কারণে এতোদিন সীমিত আকারে চালু থাকলে রবিবার থেকে পুরোদমে চালু হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম। এখন ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় খোলা থাকবে বিকাল ৬টা পর্যন্ত। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যাংকিং কার্যক্রম চলবে সীমিত আকারে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৬দিন বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হচ্ছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বিএসইসির অনুমতি সাপেক্ষে রবিবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেয়ার লেনদেন হবে। গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে শেয়ার বাজারের লেনদেন বন্ধ হয়ে যায়।

এরআগে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ পেলে শেয়ারবাজারে ধস নামা শুরু হয়। এ সময় ডিএসই এর প্রধান মূল্য সূচক ডিএসই-এক্স একদিনে রেকর্ড ২৭৯ পয়েন্টে নেমে আসে। এরপর কয়েক দফায় দরপতন হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ১৯ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমিয়ে আনা হয়। এরপরও পতন ঠেকানো যায়নি। পরবর্তী সময়ে প্রতিটি কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে শেয়ারবাজারের পতন কিছুটা থামে।

রূপশ্রী/এইচআর