রূপশ্রী প্রতিবেদন,
২০ জুলাই, মঙ্গলবার, ঢাকাঃ
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আরোপিত বিধি-নিষিধের ফলে টানা ১৯ দিনের বন্ধে কর্মহীন হয়ে পড়তে যাচ্ছে দেশ। এসময় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসহ বন্ধ থাকবে সকল শিল্প কারখানা এবং গণপরিবহন।
আগামীকাল বুধবার (২১ জুলাই) দেশে পবিত্র ঈদুল আজাহ উদযাপিত হবে। ঈদের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (২০ জুলাই) থেকে। ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি শেষে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। ফলে এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সবাই। এরপরই, করোনা সংক্রমণ রোধে শুরু হচ্ছে বিধি-নিষেধ। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ১৪ দিন এই বিধি-নিষেধ চলবে। এভাবেই টানা ১৯ দিন কর্মহীন অবস্থায় থাকবে দেশ ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদের পর বিধি-নিষেধ তথা লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে। শিল্প কারখানাও বন্ধ রাখা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পরের বিধি-নিষিধে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের ঈদের পরে ভার্চ্যুয়াল অফিস করার নির্দেশনা থাকলেও বেসরকারি চাকরিজীবীরা মূলত আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছুটি কাটাতে পারছেন। আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার, পরদিন শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) হল সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসই খোলা থাকে। তবে ঢাকা ত্যাগ করা মানুষদের আসার সুযোগ রেখে আগামী ৮ আগস্ট থেকেই শুরু হবে সব বেসরকারি অফিসের কার্যক্রম।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এর আগে গত ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হয়ে শেষ হয় ১৪ জুলাই। ঈদুল আজহা উদযাপন, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গত ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি-নিষিধে শিথিল করা হয়েছে।
রূপশ্রী / এম এস







