করোনাকালে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ

791

রূপশ্রী প্রতিবেদন

২৪ জুলাই, ঢাকাঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় করণীয় এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, যেকোনো দুর্যোগের সময় নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং করোনা পরিস্থিতিতে নারী ও শিশুদের সুরক্ষায় নতুন প্রকল্প ও কর্মসূচি হাতে নেওয়া হবে ।

‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণের ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। ঘরবন্দি নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারী কর্মীরা কর্মহীন হয়ে পড়ছেন, অনেকের আয় কমে গেছে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের অর্থনৈতিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর। দেখা যায় যেকোনও দুর্যোগের সময় নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।’ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।

করোনায় পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য বা পরিসংখ্যান নেই। সারা বিশ্বে নারী ও শিশুরা সহিংসতার স্বীকার হচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি যেকোনও ধরনের সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কমিটি মাঠ পর্যায়ে কাজ করছে। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে যেসব তথ্য এসেছে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ থেকে নারীরা উপকৃত হচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এক কোটি পরিবারকে সরকার খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করছে। করোনা মোকাবিলায় এ মন্ত্রণালয় থেকে নারী ও শিশুর উন্নয়ন ও সুরক্ষায় নতুন প্রকল্প ও কর্মসূচি নেওয়া হবে।’

সভায় সচিব কাজী রওশন আক্তার বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অনিশ্চয়তা ও কর্মহীনতা নারীর ওপর মানসিক চাপ সৃষ্টি করছে। করোনার সময়ে আমাদের কার্যক্রম চলমান আছে তবে করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার, অতিরিক্ত সচিব ফরিদা পারভিন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, নির্বাহী পরিচালক মাকসুরা নূর ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।

রূপশ্রী/এমএস