আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: ড. ইউনূস

321

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে প্রথম প্রতিক্রিয়ায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। এসময় কারও ওপর কোনো হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাত সাড়ে আটটায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিবেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌ-বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, নব নিযুক্ত পুলিশ প্রধানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছে সরকারি আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।


এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণসমাজ, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।’
ড. ইউনূস আরও বলেন, ‘আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। অবিশ্বাস্য এক সাহসী যুবক।’ আবু সাঈদের কথা বলার সময় অধ্যাপক ইউনূস কেঁদে ফেলেন।
অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো দেশ তোমাদের হাতে। তোমাদের মনের মতো করে গড়তে পারো। পাল্টে ফেলতে পারো। পুরোনোদের বাদ দাও। তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাকে কাজে লাগাও।’
তিনি আরও বলেন, ‘সরকার হয়ে উঠেছিল দমন–পীড়নের একটি যন্ত্র। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে। আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটি মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ।’

ড. ইউনূস বলেন, ‘দেশবাসীর কাছে আবেদন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, তবে দেশের কারও ওপরে হামলা হবে না। বিশৃঙ্খলা থেকে, সহিংসতা থেকে রক্ষা করুন। কোনো গোলযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
উল্লেখ্য আজ রাত সাড়ে আটটায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।। এই সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এরআগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার।