চাকুরীতে বয়সসীমা ৩৫ করার ডিও লেটারের কী হলো?

366

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: সরকার দলীয় মহিলা এমপি ফরিদা ইয়াসমিন বলেন, কাগজে দেখলাম চাকুরীতে বয়সসীমা ৩৫ করতে শিক্ষামন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি ডিও লেটার পাঠিয়েছেন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সেই ডিও লেটারের কী হলো?
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে করতে দাঁড়িয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান।
জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন, তার জবাবে আমি বলতে চাই, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একটি ডিও লেটার আমরা পেয়েছি। এ নিয়ে আমরা কাজ করছি। তবে এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আরও কথা বলতে হবে। তবে আপাতত চাকিরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার কোন সিদ্ধান্ত সরকারের নেই।

৩৬৩ জন বিদেশি নাগরিক বাংলাদেশের কারাগারে

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের অপর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, বিভিন্ন অপরাধে ৩৬৩ জন বিদেশি নাগরিক বাংলাদেশের কারাগারগুলোতে আটক রয়েছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে বিভিন্ন অপরাধে আটক ৩৬৩ জন বিদেশি নাগরিকের মধ্যে ৮০ জন কয়েদি, ১২৭ জন হাজতি এবং ১৫৬ জন মুক্তিপ্রাপ্ত। তাদের মধ্যে ভারতের ২১২ জন, মিয়ানমারের ১১৪ জন, পাকিস্তানের ৭ জন, নাইজেরিয়া ও মালয়েশিয়ার ৬ জন করে, চীনা ও বেলারুশের ৪ জন করে, পেরু ও ক্যামেরুনের ২ জন করে এবং আমেরিকা, বতসোয়ানা, জর্জিয়া, তানজেনিয়া, মালয় ও অ্যাংগোলার একজন করে নাগরিক আটক রয়েছে।