রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সারাদেশে জনসংখ্যার অনুপাতে করদাতার সংখ্যা কম। তাই স্থানীয় পর্যায়ে কর প্রদানের জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে হবে। এক্ষেত্রে সংসদ সদস্যরা সারাদেশে টিআরপি (ট্যাক্স রিটার্ণ প্রিপেয়ারার) নেটের আওতায় কর আহরণ ও কর প্রদানে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বুধবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট আয়োজিত ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশনে (৭ ও ৮) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় আয়োজিত সেশনে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
এতে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণে জনপ্রতিনিধিদের ভূমিকা’- বিষয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
‘করনীতি ও এর সংস্কার: প্রেক্ষিত এলডিসি থেকে উত্তরণ’- বিষয়ে আলোচনা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আব্দুর রহমান খান।

এতে আরও বক্তব্য রাখেন সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি এবং অনুমিত হিসাব কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম এমপি।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সূচনা বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মার্গা পিটারাস সেশনে উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অধিবেশনে বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারেন।
তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে আয়কর প্রতিনিধির মাধ্যমে হেল্পডেস্ক তৈরি করলে তৃণমূল পর্যায়ে রাজস্ব আহরণ সহজতর ও ফলপ্রসূ হবে।এছাড়া আয়কর মেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যেতে হবে।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা সমাজের ধনী শ্রেণির উপর প্রত্যক্ষ কর বৃদ্ধি এবং জনগণের উপর পরোক্ষ কর কমানোর পরামর্শ দেন।
বাজেট ডিব্রিফিং সেশনে মো: শাহরিয়ার আলম এমপি, কানন আরা এমপি, দৌপদী দেবী আগরওয়ালা এমপি, নূর মোহাম্মদ এমপি, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক এমপিসহ অন্যান্য সংসদ সদস্যর উপস্থিত ছিলেন।







