রেলে আবার নাশকতার চেষ্টা এলাকাবাসীর চেষ্টায় দুর্ঘটনা রক্ষা পেল ট্রেন

553

রূপশ্রী ডেস্ক
নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকায় রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে আবারও নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। চিলাহাটি থেকে ট্রেনটি খুলনা যাচ্ছিল।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়ার দোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতের বেলা রেললাইনের লোহালক্কড়ের শব্দ শুনে কী হচ্ছে দেখতে এগিয়ে যান এলাকাবাসী। এ সময় তারা দেখতে পান, কতিপয় দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেটের ক্লিপ খুলছে। দলবদ্ধভাবে এলাকাবাসী ওদের ধাওয়া দিলে দুষ্কৃতকারীরা দৌড়ে পালিয়ে যায়।
প্রতক্ষদর্শী বাগডোকরা গ্রামের যুবক রাজেশ্বর রায় জানান, এর কিছুক্ষণ পরই চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শতশত লোক বিভিন্নভাবে ট্রেনটি থামার সংকেত দিতে থাকলে চালক ট্রেনটি থামান । এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি বস্তা ফেলে যায়। সেখান থেকে ৭২টি ফিশপ্লেটের ক্লিপ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণের মধ্যে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকে এলাকাবাসী থামাতে সক্ষম হন। এরপর রেলের লোকজন এসে রেললাইন মেরামত করলে ট্রেনটি ছেড়ে যায়।
পার্শবতী জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট ক্লিপ খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।’
নীলফামারীর স্টেশনমাস্টার ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, লাইন মেরামত করতে প্রায় দেড় ঘণ্টা লাগে। তারপর ট্রেনটি ছেড়ে যায়। অপর দিকে খবর পেয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস টেনটি ডোমার রেলস্টেশনে দেড় ঘণ্টা আটকে রাখা হয়। পরে রেল চলাচল স্বাভাবিক হয়।