রূপশ্রী প্রতিবেদন,
১৩ এপ্রিল, ঢাকাঃ
আজ চাঁদ দেখা গেলে কাল থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান। আহলান সাহলান মোবারক হো মাহে রমজান। এজন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে কাল বুধবার থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান। আজ চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭,৯৫৫৮৩৩৭ ফোন নাম্বারে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নাম্বারে সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে অথবা নিজ নিজ জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মহামারি করোনাকালে কঠোর লক ডাউন মাথায় নিয়ে এবার মুসলিম উম্মাহর মাঝে ফিরে আসছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। পবিত্র কোরআন নাজিলের এই মাসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে পালনের জন্য ঘরে ঘরে চলছে নানা প্রস্ততি।
সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ করেছে সেহরী ও ইফতারের সময়সূচি সম্বলিত রমজান মাসের বিশেষ ক্যালেন্ডার। এবারও দীর্ঘ সোয়া ১৪ ঘন্টা সময় পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। লক ডাউনের কারণের এরমধ্যে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া রোজাদারদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত করা হয়েছে।







