গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমাররা

792

রূপশ্রী প্রতিবেদন

১৯ ডিসেম্বর ঢাকাঃ

এবার দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকলেও বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রশ্ন থাকবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং আগের সিদ্ধান্ত অনুযায়ী তিন ইউনিটে ভর্তি পরীক্ষা বহাল থাকবে।

এছাড়া, এরই মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন বিভাগ থেকে কত জিপিএ দরকার সেটিও নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যারা গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছেন তারাও এবারের পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে পারবে। তবে তাদের ভর্তির বিষয়টি ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো। আমরা পরীক্ষায় শিক্ষার্থীদের একটি স্কোর দিয়ে দিব। এর পর বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হতে পারবে আর কারা পারবে না সেটি জানিয়ে দেবে। কোনো বিশ্ববিদ্যালয় যদি সেকেন্ড টাইমারদের ভর্তি নিতে না চায় সেটি তাদের নিজস্ব ব্যাপার।

পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর ৭.০০ পয়েন্ট লাগবে। তবে চতুর্থ বিষয় কাউন্ট করা হবে না। ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৬.৫০ পয়েন্ট এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৬.০০ পয়েন্ট লাগবে।

যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে- ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রূপশ্রী/ টি আর