ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান-সিইও শাহনাজ-সিমিন

1061

রূপশ্রী প্রতিবেদন

২৮ জুলাই, ঢাকা :

১৩০ বছরের ব্যবসায়িক ঐতিহ্যধারণকারী দেশের  অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হিসেবে দায়িত্ব নিলেন শাহনাজ রহমান। তিনি দীর্ঘ অনেক বছর ধরে ট্রান্সকম গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি সিমিন রহমান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) নিযুক্ত হলেন। নতুন চেয়ারম্যান-সিইও শাহনাজ-সিমিন’এর মধ্য দিয়ে ট্রান্সকম গ্রুপে নতুন নারী নেতৃত্বের সূচনা হলো।

ট্রান্সকম লিমিটেড রবিবার এক কর্পোরেট ঘোষণায় এ সম্পর্কে বিভিন্ন তথ্য জানায়।

সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা  ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন বলে ট্রান্সকম গ্রুপের ঘোষণায় জানানো  হয়েছে।

তিনি এতদিন এসকেএফ  ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডি’র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি গ্রুপের অন্যান্য কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘোষণায় বলা হয়েছে, গ্রুপের পরিচালনা পরিষদ সম্প্রতি শাহনাজ রহমানকে গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। গ্রুপের সব সহযোগী কোম্পানির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।

স্বেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত দুজনে যার যার দায়িত্বে থাকবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়। ট্রান্সকম গ্রুপের পরিচালনা পরিষদ নতুন চেয়ারম্যান ও গ্রুপ সিইওকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

শাহনাজ রহমান ২০১৯ সালে ঢাকা সিটি করপোরেশনের নারীদের মধ্যে শীর্ষ করদাতা হন। দীর্ঘ সময় ধরে করদাতা হওয়ার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁর পরিবারকে ‘কর বাহাদুর’ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

সিমিন রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(এমসিসিআই) একজন নির্বাহী সদস্য।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের রয়েছে ১৩০ বছরের ব্যবসায়িক ঐতিহ্য। ঔষুধ, ইলেকট্রনিকস, খাদ্য ও পানীয়, চা, ভোগ্যপণ্য, মিডিয়াসহ মোট ৯টি  খাতে গ্রুপের ব্যবসা রয়েছে। ১৩,৫০০ হাজারের বেশি মানুষ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিশ্বের ২০টি দেশে ছড়িয়ে রয়েছে ট্রান্সকম গ্রুপ।

উল্লেখ্য, শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান গত ১ জুলাই তার কুমিল্লার বাড়িতে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। লতিফুর রহমান-শাহনাজ রহমান দম্পতির মেয়ে সিমিন রহমান।

রূপশ্রী /এমএস