সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান

840

রূপশ্রী প্রতিবেদন, ঢাকাঃ

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুর কারণে পদটি শূণ্য হয়। গত ২৩ আগস্ট যমুনা গ্রুপের ৪২টি অঙ্গপ্রতিষ্ঠান বা কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে সালমা ইসলামকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়। গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের স্ত্রী হিসেবে এর আগে তিনি এই গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৩ জুলাই দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম চলমান একাদশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য। তিনি বিগত সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক যুগান্তর’-এর প্রকাশক। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে, শিল্পের অবকাঠামো বিনির্মাণে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে এসেছেন। তিনি একজন সিআইপি। দেশের উৎপাদন খাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ২০০১ সালে সিআইপির মর্যাদা প্রদান করে। তিনি দেশের আর্থ-সামাজিক, শিক্ষা, মানবাধিকার এবং শিশু ও নারী অধিকার সংরক্ষণহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেরও একজন পৃষ্ঠপোষক। তিনি ১৯৯১ সাল থেকে ঢাকা জেলা জজকোর্ট, ঢাকা সিএমএম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবেও প্রতিষ্ঠিত ও সুপরিচিত।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত যমুনা শিল্প পরিবার দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে যমুনা প্রুপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। যমুনা গ্রুপ দেশের বস্ত্র খাতের টেক্সটাইলের স্পিনিং, নিটিং, ডায়িং, হাইটেক ফ্যাব্রিক্স, গার্মেন্টস ইত্যাদি, টয়লেট্রিজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বেভারেজ, যমুনা ফিউচার পার্ক শপিংমল, ফাইভস্টার হোটেল (জেডব্লিউ ম্যারিয়ট হোটেল), বিনোদন পার্ক, অটোমোবাইলস, কেমিক্যাল, লেদার, রিয়েল এস্টেট সেক্টর, হাউজিং, টায়ার অ্যান্ড রাবার, প্রিন্টিং ও পাবলিশিং (দৈনিক যুগান্তর), ইলেকট্রনিক্স মিডিয়া (যমুনা টিভি) প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের আর্থ-সামাজিক ও শিল্প খাতে বিশাল অবদান রেখে এসেছে।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নতুন নেতৃত্বে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের অসমাপ্ত স্বপ্ন দ্রুত বাস্তবায়নে সক্ষম হবে বলে যমুনা গ্রুপের পরিচালনা পর্ষদ মনে করে।

রূপশ্রী/এইচবি