ঢাকা, রূপশ্রী ডেস্ক:
পবিত্র আশুরা ও শোকাবহ কারবালা উপলক্ষে আমেরিকার মুসলমানরা নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘ইমাম হুসাইন দিবস’ পালন করেছে।এসময় তারা মার্সিয়া গেয়ে ও বুক চাপড়িয়ে কারবালার শহীদদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

প্রায় চৌদ্দশ’ বছর আগে ৬১ হিজরির ১০ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর স্ত্রী পুত্র কন্যা ও আত্মীয় পরিজনসহ ৭২ জন সফর সঙ্গী ইসলামের সত্য ও ন্যায় বিসর্জন দিতে অস্বীকার করে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। নিজেদের জীবন বাঁচাতে তাঁরা ইসলামের শরিয়তের মাপকাঠিতে অযোগ্য ব্যভিচারী ও মদ্যপ এজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বাইয়াত গ্রহণে অস্বীকৃতি জানান। জীবন বাঁচাতে বাতিল ও অন্যায়ের সাথে আপোষ না করে সেদিন ইমাম হোসেন (রা.) পাপিষ্ঠ এজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন। এছাড়া ইতিহাসের এদিনে আল্লাহ রাব্বুল আলামিন নীলনদ বিভক্ত করে ফেরাউনের কবল থেকে ইসলামের অন্যতম নবী হজরত মূসা (আ.) কে তাঁর অনুসারীদের রক্ষা করেছিলেন।

ইরানের অনলাইন নিউজ পোর্টাল পার্স টুডে আই আর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত শিয়া মুসলমানরা গত রবিবার ছুটির দিনে আশুরার অন্যান্য শোকানুষ্ঠান পালনের পাশাপাশি কারবালা ও ইমাম হুসাইন (আ.)-এর বিপ্লবী আদর্শ প্রচারের জন্য ‘ইমাম হুসাইন দিবস’ পালন করেন। দিনটি উপলক্ষে নিউইয়র্কের ‘ম্যানহাটন’ এলাকার সুউচ্চ ভবনগুলোতে ‘ইয়া হোসেন’-লেখা পতাকা ওড়ানো হয়।

ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশসহ আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা নিউইয়র্কের ম্যানহাটনের রাস্তায় একত্রিত হয়ে ‘ইমাম হুসাইন দিবস’ উদযাপন করেন।

সেখানে তারা রাস্তায় দাঁড়িয়ে জামায়াতে নামাজ আদায় করেন। ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের জন্য শোক প্রকাশ করেন।
ইমাম হুসাইনের আদর্শ ও চেতনার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত করাতে বেশিরভাগ পরিবার এই অনুষ্ঠানে তাদের ছোট বাচ্চাদের সাথে করে এনেছিলেন।

মহররম মাসের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠান দেখতে আসা লোকজনকে খাবার, পানি, জুস ও শরবত দিয়ে আপ্যায়ন করানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেউ কেউ পথচারী এবং অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে ফুলের তোড়া এবং ‘কারবালা বিপ্লব’ সম্পর্কে ইংরেজিতে ছাপানো ব্রুশিয়ার বিতরণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি নিউইয়র্কের মুসলমানরা ওই শহরের বিভিন্ন মসজিদে গিয়ে ইমাম হুসাইন (আ.) এবং কারবালা বিপ্লবের চেতনা সম্পর্কে মানুষকে অবহিত করেন।
কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের শাহাদাতের পর শতাব্দী পেরিয়ে গেলেও এর গুরুত্ব ও মর্যাদা এতটুকুও কমেনি বরং সময়ের সাথে সাথে আশুরার চেতনা আরও বিস্তৃত হচ্ছে।







