রূপশ্রী প্রতিবেদন
৫ অক্টোবর, ঢাকাঃ
আজ ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছেন। সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব চত্বরে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে তারা এ মানববন্ধন পালন করেন।
একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মুশফিকা নাজনীন বলেন, ধর্ষণের ভয়ে নারীরা আজ ঘরবন্দি হয়ে পড়ছেন। ঘরের বাইরে নারীরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বলেন, নির্যাতনের ভয়ে নারী ঘরবন্দি হলে দেশের সকল খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতন ও ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক নজরুল কবির বলেন, সারাদেশে আজ নারীদের ওপর নির্যাতন-অত্যাচার ও ধর্ষণ বেড়ে গেছে। বিভিন্নভাবে নারীদের নৃশংসভাবে ধর্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের মা-বোনেরা আজ নিজেদের ইজ্জত রক্ষা করতে ঘরবন্দি হয়ে পড়ছেন। মুক্তভাবে তারা চলাফেরা করার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। নারী নির্যাতনকারীরা অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। অনেককে আবার আইনের আওতায় আনা হলেও নানাভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এ কারণে দেশে নারী নির্যাতন বেড়ে চলছে।
দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাংবাদিক ঝর্ণা মনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জিরো পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এদের শাস্তি কার্যকর চাই। শাস্তির ভিডিও ভাইরাল করা হোক। আর একটি নারীকে, একজন বোনকে, একজন মাকেও যেন পৈচাশিকতার শিকার না হতে হয়।গর্জে ওঠো বাংলাদেশ।

রূপশ্রী/ টি আর







