নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার কথা বললেন স্পিকার

663

রূপশ্রী প্রতিবেদন

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোর সাক্ষাৎ করতে এলে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিয়ে তারা মত বিনিময় করেন।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুবই জরুরি।

স্পিকার নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন বিশেষ করে নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী বিষয়ক কর্মকর্তাদের নারী ও শিশুদের সহিংসতা প্রতিরোধে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান। এক্ষেত্রে নিয়মিতভাবে কাউন্সিলিং এবং সেমিনার খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি বৈঠকে বাংলাদেশের নারী ও শিশু সহিংসতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন বিষয়ে আলোচনা করেন।

মিয়া সেপ্পো বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রশংসা করে বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার এই পরিস্থিতি অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স বৃদ্ধির জন্য তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২০ জুলাই) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জীসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রূপশ্রী/এমএস