রূপশ্রী ডেস্ক
২০ই জুলাই, ঢাকাঃ
চলতি বছরের জন্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলেও করোনা মহামারির কারণে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। অবশেষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ভর্তি কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। রবিবার (১৯ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সময়কাল ঘোষণা করা হয়।
সেসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাদশ শ্রেণিতে ভর্তির ফি কিস্তিতে নেওয়ার আহবান জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ত ভর্তির ফি একসাথে দিতে পারবে না। সে ক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে সে ব্যবস্থা রাখতে হবে।
তিনি বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে যেন সমস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
রূপশ্রী/এমএস







