শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

292

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
শনিবার (১০ আগস্ট) হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে তিনি এ নিয়োগ পান।
এর আগে সাবেক প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগ করেন।


শনিবার (১০ আগস্ট)নতুন প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ডিগ্রী অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এম এ ডিগ্রী লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম সৈয়দ রেফাত আহমেদের। তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপাল সহ পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন।
সৈয়দ রেফাত আহমেদেকে প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানায় বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন।

এরআগে শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। নিজ নিজ
দপ্তরের মাধ্যমে তারা আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।
প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন এম. ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

এরআগে শনিবার বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সমবেত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী। এসময় তাদের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগানে উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পাশাপাশি বিপুল সংখ্যক আইনজীবীও একই দাবীতে বিক্ষোভ করেছেন।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে ভার্চুয়াল মাধ্যমে আলোচনার জন্য প্রধান বিচারপতির ডাকা আজকের ফুলকোর্ট সভাও স্থগিত করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া সভাটি স্থগিত করা হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের গনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গতকাল সকালে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা প্রধান বিচারপতির পদত্যাগের জন্য আলটিমেটাম দেন। এরপরই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।