দেড় মাসে ৩৭৬ যানবাহনে আগুন দেয়া হয়েছে: পুলিশ

687

রূপশ্রী প্রতিবেদক
ঢাকা (১৩ ডিসেম্বর ২০২৩): দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি পালনকালে গত দেড় মাসে ২৪১টি যানবাহন ভাঙচুর এবং ৩৭৬টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।
আজ বুধবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।
জানা যায়, ২৮ অক্টোবর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত (১২ ডিসেম্বর) সারা দেশে ২৫০টির বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে ১২৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।