গাজীপুরে রেল লাইনে নাশকতা: ৭ বগি লাইনচ্যুত, নিহত ১ বাংলাদেশে রেল লাইনে নাশকতা: ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

630

রূপশ্রী প্রতিবেদন
বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় ৭ টি বগি লাইনচ্যুত হয়েছে। নিহত হয়েছেন ১ জন। গতকাল বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাতের কোন এক সময় দুর্বৃত্তরা রেলের লাইন কেটে রাখার ফলে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। এতে সাতটি বগি লাইনচ্যুত হয়ে। দুর্ঘটনায় ট্রেনটির প্রায় অর্ধেক বগি লাইনচ্যুত হলেও এতে একজনের মৃত্যু ও ১০ জন আহত হন। ট্রেনের গতি কম থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। অন্যথায় ভয়ানক হতাহতের ঘটনা ঘটতে পারতো।

দুর্ঘটনার পর এই রেল রুটে চলাচলকারী যশোর খুলনা জামালপুর-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগি ব্যবসায়ী ৩৫ বছর বয়সী আসলাম মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।তৎক্ষণাৎ আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসার পর ভাওয়াল ষ্টেশনের আগে ঢাকাগামী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।