কক্সবাজারের আগুন:পুড়লো ৫শ’ ঘর, ৪ হাজার রোহিঙ্গা আশ্রয়হীন

492

রুপশ্রী প্রতিবেদন, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৫ শতাধিক সেল্টার ঘর। এতে ৪ হাজার রোহিঙ্গা আশ্রয়হীন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১০টার দিকে উখিয়ার থাইংখালি ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। কারিতাস অফিস থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারসহ ক্যাম্পের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। এতে সম্পূর্ণ পুড়ে গেছে দুইশ বাঁশের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২২০টি ঘর। এছাড়া ২৫টি দোকান, ৪৫টি টয়লেট, কারিতাস অফিস ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে যোগ দেন এপিবিএন সদস্য ও স্থানীয় রোহিঙ্গারা। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। সবার সমন্বিত চেষ্টায় আগুন দেড়ঘন্টাযয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ও আংশিক প্রায় পাঁচ শ’ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। যেসব রোহিঙ্গাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে. শিগগির তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।