গার্মেন্টস কর্মীদের মানবিক গল্প ‘সেলাই জীবন’

936

রূপশ্রী ডেস্ক

১৫ই জুলাই, ঢাকাঃ

আগামিকাল ১৬ই জুলাই মুক্তি পেতে যাচ্ছে গার্মেন্টস কর্মীদের জীবনের মানবিক গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘সেলাই জীবন’ ।

দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস গার্মেন্টস শিল্পের পেছনে লুকিয়ে আছে অজস্র মানুষের না বলা গল্প। যাদের শ্রমে অর্থনীতির চাকা সচল, সেসব গার্মেন্টস কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রেই পার করছেন মানবেতর জীবনযাপন। আর নারী গার্মেন্টস কর্মীদের ভোগান্তি, তাদের সামাজিক হেনস্তা ও নানা প্রতিকূলতার চিত্রের বেশিরভাগ থেকে যায় লোকচক্ষুর আড়ালে। এমন গার্মেন্টস কর্মীদের অদেখা জীবনের গল্প উঠে এসেছে ক্যামেরার ফ্রেমে।

ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি, চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার ও  চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন।

নির্মাতা বয়াতি বললেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের শ্রমে-ঘামে এই আয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা’।

সেলাই জীবন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে ১৬ জুলাই সন্ধ্যা ৬টায় সেলাই জীবন মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।

রূপশ্রী/টিআর