এসএসসির ফল প্রকাশ রবিবার

788

রূপশ্রী প্রতিবেদক

শনিবার (৩০ মে) ঢাকা: করোনা মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে রবিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় ফলাফল ঘোষণা করবেন। এদিন বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। করোনার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় এই ব্রিফিয়য়ের কর্মসূচি নির্ধারিত ছিল ।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রীর ব্রিফিং-এর সম্পূর্ণ বক্তব্য বিটিভি ধারণ করবে।  সে নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় পাঠানো হবে।  ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেসেঞ্জার ও উইট্রান্সফারেও পাঠানো হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন।  বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

এবার শিক্ষার্থীরা তিন উপায়ে ফলাফল জানতে পারবে। প্রি-রেজিস্ট্রেশন, এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। তবে,৩১ মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফলাফল পাবে না। ১ জুন বেলা ১২টা থেকে প্রতিষ্ঠান প্রধানরা ইআইআইএন নম্বর ব্যবহার করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন।

এদিকে মোবাইল এসএমএসে ফল পেতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পেতে ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। শনিবার ৩০ মে দুপুর ২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে।

জানা যায়, মোবাইল এসএমএসে ফল পেতে যে ১৩ লাখ ২৩ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে,  এদের মধ্যে গ্রামীণফোন নম্বর থেকে করেছে ৫ লাখ ৭৪ হাজার ৫৯৯ জন, রবি নম্বর থেকে করেছে ৪ লাখ ৭১ হাজার ২৮৯ জন, টেলিটক নম্বর থেকে করেছে ১ লাখ ১৫ হাজার ৯১৫ জন এবং বাংলালিংক নম্বর থেকে ১ লাখ ৬১ হাজার ৯২৩ জন  প্রি-রেজিস্ট্রেশন করেছে।

চলিত বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

ফল ঘোষণা করা হলে যেভাবে জানবেন:
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

রবিবার (৩১ মে) দুপুর ১২টা থেকে ওয়েবসাইট থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল জানা যাবে।

এছাড়া ফল প্রকাশের দিন এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল জানানো হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এবারও কেন্দ্রীয়ভাবে ঢাকা বোর্ড দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ করবে।

রূপশ্রী/এসটি