বাংলাদেশকে ৭৩ কোটি ২০ লাখ ডলার জরুরি সহায়তা আইএমএফের

839

রূপশ্রী ডেস্ক

শনিবার (৩০ মে) ঢাকা: করোনা মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাহী পরিষদ বাংলাদেশকে মোট ৭৩ কোটি ২০ লাখ ডলার জরুরি সহায়তা অনুমোদন দিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, জরুরি আমদানি-রফতানির ভারসাম্য রক্ষা এবং অর্থবছরের ঘাটতি মেটাতে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে। আইএমএফ র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি এবং র‌্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই)-এর অধীনে বাংলাদেশকে এ জরুরি সহায়তা দেয়া হবে। আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, র‌্যাপিড ক্রেডিড ফ্যাসিলিটি’র (আরসিএফ) অধীনে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) হিসাবে ১৭৭.৭৭ মিলিয়ন (কোটার ১৬.৬৭ শতাংশ) এবং আরএফআই অধীনে পারচেস অব এসডিআর হিসাবে ৩৫৫.৫৩ মিলিয়ন (কোটার ৩৩.৩৩ শতাংশ) অনুমোদিত হয়েছে।

এতে বলা হয়, আইএমএফ ঘনিষ্ঠভাবে বাংলাদেশ পরিস্থিতির প্রতি নজর রাখছে। স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সরকারকে দ্রুত খাদ্য বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নগদ সহায়তা, রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ এবং ব্যবসায়ী ও কৃষকদের চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করতে হবে। তাই এ জরুরি সহায়তা অনুমোদন করা হয়েছে। প্রয়োজনে আরো পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে আইএমএফ। তবে জরুরি অর্থায়ন যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও তাগিদ দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, মহামারির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় এবং সামষ্টিক অর্থনীতির সম্ভাবনা ধরে রাখতে আইএমএফ কতৃপক্ষ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

রূপশ্রী/এসটি